মেহেরপুরের গাংনী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা। গতকাল রোববার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক মেহেরপুর সদর