মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মারা যাওয়া আছিয়া (৩০) মেহেরপুর শহরের ক্যাস্যবপাড়া এলাকার রিপনের স্ত্রী। গত শনিবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় আছিয়াকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তাঁর মৃত্যু হয়।
রোগীর মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। তাঁদের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসককে ডাকতে গেলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় সময়ে চিকিৎসা ও সেবা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁরা। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
আছিয়ার ছেলে অভিযোগ করে বলেন, ‘যখন আমার মায়ের অবস্থা খারাপ হয়, তখন ডাক্তার ডাকতে যাই। ডাক্তারের রুমের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ডাক্তারকে বলি, আসেন। কিন্তু তাঁর আসার কোনো নামই ছিল না। যখন আমার মা মারা যান, তখন ডাক্তার এসেছেন।’ অন্যদিকে, দায়িত্বে থাকা নার্সদের দাবি, রোগীর স্বজনদের ডাকে তাঁরা একাধিকবার সাড়া দিয়েছেন এবং রোগীকে প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করেছেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা ছিল না বলেও দাবি করেন তাঁরা।
দায়িত্বরত এক নার্স বলেন, ‘রোগীর স্বজনরা এসে জানান, তাঁদের রোগীর অবস্থা খারাপ হয়ে গেছে। রোগীর হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি সেখানে গিয়ে সঙ্গে থাকা বিপি মেশিন দিয়ে রক্তচাপ মাপি। তখন রক্তচাপ ছিল ৯০/৬০। পরে একটি ফাইলে বিষয়টি লিখে একজনকে ডেকে বলি, টিকিটটি নিয়ে ডাক্তারকে জানান যে রোগীর বিপি কমে গেছে। রোগী অনেক অস্থিরতা করছেন, শ্বাসকষ্ট হচ্ছে এবং হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এরপর তাঁদের একজন ডাক্তারের কাছে যান। ডাক্তার সেটিং দিয়েছিলেন। পরে তাঁরা ফাইল নিয়ে আসেন। আমি আবারও সেখানে গিয়ে বিষয়টি লিখে দিই। রোগীকে বলি, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, একটু অক্সিজেন নিন। কিন্তু রোগী জানান, অক্সিজেন নিলে তাঁর খারাপ লাগছে এবং তিনি নিতে পারছেন না। স্বজনদের অনুরোধে আমি তাঁর মুখের কাছে অক্সিজেন নিয়ে যাই। কিন্তু তিনি কোনোভাবেই অক্সিজেন নিতে পারছিলেন না।’
তিনি বলেন, ‘পরে একজন স্বজনকে ডেকে বলি, ডাক্তারের কাছে গিয়ে জানান যে রোগীর অবস্থা খুবই খারাপ, স্যারকে সঙ্গে নিয়ে আসুন। এরপর তাঁরা আবার ডাক্তারকে আনতে যান। এদিকে আমি আমার এক সহকর্মীকে বিপি মেশিন নিয়ে রোগীর কাছে যেতে বলি। কারণ, রোগীর পালস কম পাওয়া যাচ্ছিল। এর কিছুক্ষণ পর চিকিৎসক এসে রোগীকে পরীক্ষা করে জানান, তিনি মারা গেছেন।’
এ বিষয়ে ইমারজেন্সি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অলোক কুমার দাস বলেন, ‘আমি একা মানুষ। এত বড় আটতলা ভবনে একসঙ্গে কয়েকটি রোগী খারাপ অবস্থায় ছিল। আইসোলেশন ওয়ার্ডে একজন রোগী, ডেঙ্গু ওয়ার্ডে আরেকজন রোগী এবং এই রোগীও গুরুতর অবস্থায় ছিলেন। একা মানুষ আমি কয় জায়গায় যাব? তারপরও এই রোগীর ক্ষেত্রে কল আসার সঙ্গে সঙ্গেই আমি সেখানে উপস্থিত হয়েছি। এর সাক্ষীও রয়েছে। রোগীর পালস ও বিপি পাওয়া যাচ্ছিল না। পরে ইসিজি করে দেখা যায়, তিনি মারা গেছেন। তিনি মূলত ডেঙ্গু রোগের কারণেই মৃত্যুবরণ করেছেন।’
চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সব রোগীর কাছে চাইলেও একই সময়ে পৌঁছানো সম্ভব হয় না। তবে আছিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিয়েছেন বলে দাবি করেন।
প্রতিবেদক মেহেরপুর সদর