মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি। গতকাল রোববার দুপুরে বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এ রুটের সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে গোল্ডেন ট্রাভেলসের একটি বাস ছেড়ে যায়। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পরিবহন শ্রমিকরা মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় এবং পরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা। মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা বলেন, মেহেরপুর নতুন বাস টার্মিনালে বাস ক্রসিং এর সময় এক মোটরসাইকেল আরোহীর সাথে সামান্য একটি ঘটনা ঘটে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বাস যখন যাত্রী বহন করে আমঝুঁপী দিয়ে যাচ্ছিল। তখন বাস থামিয়ে তাদেরকে ব্যাপক মারধর করে। শ্রমিকরা দেশের চালিকাশক্তি, আমরা শ্রমিকদের নিরাপত্তা চাই আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত এই রোডে বাস চলবে না।
প্রতিবেদক গাংনী