দর্শনায় হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শনা বয়েজ ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। গতকাল শুক্রবার বিকেলে দর্শনার মেমনগর স্কুলমাঠে অনুষ্ঠিত ফাইনালে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি। দর্শনা রামনগর মাথাভাঙ্গা যুব সংঘের (রামাজুস) আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দর্শনা বয়েজ ক্লাবকে দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফেরদৌস, নিপুন ও আব্দুল হাই। ধারাভাষ্য দেন হাসান গাজী ও সবুজ খান।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন পারভেজ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) মোখলেসুর রহমান, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক আলহাজ মশিউর রহমান, নাহারুল ইসলাম মাস্টার, রেজাউল ইসলাম, কেরু চিনিকলের ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, বিএনপি নেতা আজিজুল হক, আব্দুল হামিদ, নজির আহমেদ, নজরুল ইসলাম, শামসুল ইসলাম, ফারুক আহমেদ ও ব্যবসায়ী খন্দকার জহিরুল ইসলাম।
রামাজুসের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, দর্শনা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, রামাজুসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা, বিল্লাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)