চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের তরুণ সোহেল রানা। মাত্র দুই লাখ টাকা প্রাথমিক বিনিয়োগে শুরু করা চায়না কমলার বাগান থেকে এ পর্যন্ত ২৬ থেকে ২৭ লাখ টাকার কমলা বিক্রি করেছেন তিনি। চলতি বছরেই বিক্রি করেছেন ১৪ লাখ টাকার কমলা। নিজের পরিশ্রম, পরিকল্পনা ও উদ্যোগে গড়ে তোলা এই বাগান এখন তাঁর আয়ের অন্যতম উৎস। তাঁর সফলতা অনুপ্রেরণা জোগাচ্ছে এলাকার বেকার তরুণদের।
সোহেল রানা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের ছিয়াত আলীর ছেলে। লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে ২০১৯ সালে কৃষি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর ১০৭ শতক জমি লিজ নিয়ে শুরু করেন চায়না কমলা ও পেয়ারা চাষ। সোহেল রানা জানান, জমি লিজ, চারা কেনা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রাথমিকভাবে তাঁর ব্যয় হয় প্রায় দুই লাখ টাকা। ওই জমিতে চায়না কমলা-থ্রি জাতের ২৫০টি চারা এবং ৯৫০টি পেয়ারার চারা রোপণ করেন তিনি।
বাগান করার এক বছর পর পেয়ারা ধরতে শুরু করে। দ্বিতীয় বছর থেকে ব্যাপক পরিমাণ পেয়ারা বিক্রি করে আয় করতে থাকেন সোহেল। পেয়ারা বিক্রির টাকা দিয়েই কমলা বাগানের পরিচর্যা ও অন্যান্য খরচ চালিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে কমলা গাছ বড় হয়ে ওঠায় তিন বছর পর পেয়ারা গাছগুলো কেটে ফেলেন।
চায়না কমলার বাগান থেকে চতুর্থ বছরে বিক্রি শুরু করেন সোহেল রানা। ওই বছর চার লাখ টাকার কমলা বিক্রি করেন তিনি। পরের বছর বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০ লাখ টাকায়। এরপর থেকে প্রতিবছরই বাগান থেকে কমলা বিক্রি করে আয় করছেন তিনি। এ পর্যন্ত তাঁর বাগান থেকে ২৬ থেকে ২৭ লাখ টাকার চায়না কমলা বিক্রি হয়েছে।
চলতি ২০২৬ সালে বাগান থেকে ১৪ লাখ টাকার চায়না কমলা বিক্রি করেছেন তিনি। কৃষিতে তাঁর এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে, পরিকল্পিত উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে দেশেই গড়ে তোলা সম্ভব লাভজনক কৃষি উদ্যোগ। সোহেল রানা বলেন, ‘চাকরি কিংবা উন্নত দেশে যাওয়ার পেছনে না ছুটেও আমি কৃষি উদ্যোগের মাধ্যমে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছি। নিজের উদ্যোগে কাজ করলে দেশেই সফল হওয়া সম্ভব।’
বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘চাকরি কিংবা বিদেশে যাওয়ার পেছনে না ছুটে দেশেই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত। কৃষিসহ নানা খাতে উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। পরিশ্রম ও ধৈর্য নিয়ে কাজ করলে দেশেই সফলতা পাওয়া সম্ভব।’ সোহেলের চায়না কমলার বাগান ঘুরে দেখেছেন স্থানীয় শিশু-কিশোর সংগঠনের সভাপতি লিটন হোসেন। তিনি বলেন, ‘দার্জিলিং কিংবা বিদেশ থেকে যেসব চায়না কমলা বাংলাদেশে আসে, সেগুলোর তুলনায় সোহেলের বাগানের কমলাও স্বাদে ও রসালোতায় কোনো অংশে কম নয়। বরং বাগান থেকে সরাসরি কমলা কিনে খাওয়ার সুযোগ রয়েছে। উৎপাদনস্থল থেকে অল্প সময়ের মধ্যে বাজারে পৌঁছানোর কারণে ভোক্তারাও সহজে তাজা কমলা কিনতে পারছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশে যেতে এখন ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। সেই টাকার একটি অংশ কৃষি উদ্যোগে বিনিয়োগ করলে অনেক লাভজনক হতে পারে। সোহেল মাত্র দুই লাখ টাকা দিয়ে বাগান শুরু করে চলতি বছর ১৪ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। তাঁর এই সাফল্য তরুণদের জন্য অনুপ্রেরণার।’
লিটন হোসেনের মতে, সোহেলের মতো তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে দেশে কমলা উৎপাদন বাড়লে স্থানীয় বাজারে দেশীয় ফলের সরবরাহ বাড়বে। একই সঙ্গে কৃষিতে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। সোহেলের বাগান ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘ছোট ভাই সোহেলের চায়না কমলার বাগানে এসে অনেক বেশি আনন্দিত হয়েছি। বাংলার মাটি যে সোনার চেয়ে খাঁটি, সোহেল চায়না থ্রি কমলা চাষ করে তা দেখিয়ে দিয়েছে। লেখাপড়া শেষ করে কৃষিকে আঁকড়ে ধরে সে কমলা চাষে যে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’
তিনি বলেন, ‘সোহেলের বাগানের কমলা দেখে আমাদের অনেক তরুণ উদ্যোক্তাও কমলা চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। এই বাগানে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে দেখেছি। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে কৃষিতে ভালো ফলন পাওয়া সম্ভব। কমলা চাষে জৈব সার ব্যবহারের মাধ্যমে ভালো উৎপাদনের সম্ভাবনা রয়েছে।’
জহিরুল ইসলাম আরও বলেন, ‘আমরা দেখি, সরকার বিদেশ থেকে বিভিন্ন ধরনের চায়না কমলা আমদানি করে থাকে। কিন্তু আমাদের দেশেই যদি এত সুন্দর ও সুস্বাদু কমলা উৎপাদন করা সম্ভব হয়, তাহলে বিদেশ থেকে কমলা আমদানির ওপর নির্ভরতা কমানো যাবে। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সোহেলের মতো তরুণ উদ্যোক্তারা এগিয়ে এলে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।’
সোহেল রানার এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, পরিকল্পিতভাবে কৃষিকাজে বিনিয়োগ ও পরিশ্রম করলে তা হতে পারে স্বাবলম্বী হওয়ার কার্যকর পথ। তাঁর বাগানের সফলতা শুধু নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনই ঘটায়নি, বরং এলাকার তরুণদের মধ্যেও সৃষ্টি করেছে নতুন সম্ভাবনার আশা।
প্রতিবেদক মেহেরপুর সদর