‘এক ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিস্টের পেটে ঢুকে পড়ছি’- এমন মন্তব্য করেছেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মেহেরপুর সদর উপজেলার কোর্ট চত্বরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজউদ্দিন খান বলেন, ‘আমরা একটি সরকার প্রতিষ্ঠিত করেছি। কিন্তু এ দেশের জনগণ মনে করেন, আমরা একটি ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত হলাম বটে, কিন্তু আরেকটি ফ্যাসিস্টের পেটের ভেতরে ঢুকে পড়ছি।’ তিনি আরও বলেন, এখনো যেন ‘জোর যার মুল্লুক তার’ অবস্থা চলছে। রাস্তাঘাটে চলাচল করা যাচ্ছে না, কৃষকরা সার পাচ্ছেন না। বিদ্যুতের বিল বাড়ানো হবে না বলে ওয়াদা করা হলেও তা বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ানো হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এক-দুই গুণ নয়, কয়েক গুণ দাম বৃদ্ধি করা হয়েছে। এমন পরিস্থিতিতে জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মাওলানা নাজমুল হুদা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহাবুব-উল আলম, সেক্রেটারি ইকবাল হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, যুব বিভাগের সেক্রেটারি জাব্বারুল ইসলাম, সদর উপজেলা আমির নজরুল ইসলাম, গাংনী উপজেলা আমির আহসানুল হক, গাংনী পৌর আমির আব্দুল লতিফ, জেলা সহকারী সেক্রেটারি খান জাহানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রতিবেদক মেহেরপুর সদর