শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা রেলবন্দরে পণ্য চুরির অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমদানিকারকরা

ভিডিও ছড়িয়ে পড়ার পর আরএনবি ইন্সপেক্টরকে ক্লোজ
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
দর্শনা রেলবন্দরে পণ্য চুরির অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমদানিকারকরা

নিরাপত্তাবেষ্টিত চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে আমদানিকৃত পণ্য চুরির ঘটনা যেন থামছে না। উঁচু প্রাচীর ও নিরাপত্তাকর্মী থাকার পরও একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। সর্বশেষ পণ্য চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ ঘটনার পর দর্শনা রেলবন্দরের দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর আলতাব হোসেনকে দায়িত্ব থেকে ক্লোজ করে পাকশীতে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।


ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, চুরির সঙ্গে জড়িত চক্রের সঙ্গে আরএনবির কিছু সদস্যের যোগসাজশ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, আলতাব হোসেনের দাবি, পর্যাপ্ত জনবল না থাকা এবং চুরি প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়ার বিষয়টি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেলবন্দরে রাখা আমদানিকৃত মালামাল থেকে এক ব্যক্তি পণ্য সরিয়ে নিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বন্দরের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী মহলে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, নিরাপত্তার দায়িত্বে একাধিক সংস্থা ও সদস্য থাকার পরও কীভাবে দিনের পর দিন বন্দরের ভেতর থেকে পণ্য চুরি হচ্ছে? আবারও কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে কি না, তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মেসার্স আনোয়ার হোসেনের পক্ষে খন্দকার শাকিল আহমেদ বলেন, বন্দরে এভাবে আমদানিকৃত পণ্য চুরি হতে থাকলে একসময় আমদানিকারকরা দর্শনা রেলবন্দর দিয়ে পণ্য আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলবেন। ইতিমধ্যে চুরির এসব ঘটনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও আমদানিকারকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বন্দরে পণ্য এনে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকলে স্বাভাবিকভাবেই ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এ পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন স্থানে পণ্য চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা দৃশ্যমান নয়। চোরচক্রের সদস্যরা কীভাবে বন্দরের ভেতরে প্রবেশ করছে, কীভাবে আমদানিকৃত পণ্য সরিয়ে নিচ্ছে এবং এসব মালামাল কোথায় যাচ্ছে, তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, শুধু বিচ্ছিন্নভাবে কয়েকজনকে আটক করলেই এ চক্রের দৌরাত্ম্য বন্ধ হবে না; এর নেপথ্যে কারা রয়েছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী দর্শনা ক্যাম্পের ইন্সপেক্টর আলতাব হোসেন বলেন, দর্শনা রেলবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের চরম জনবলসংকট রয়েছে। এখানে কমপক্ষে ৭২ জন জনবল প্রয়োজন। এর মধ্যে ৫০ জন সিপাহির পদ থাকলেও বর্তমানে সিপাহী রয়েছেন মাত্র ১০ জন। কর্মকর্তা ও অন্যান্য সদস্যসহ মোট জনবল ২২ জন। বন্দরের সাতটি নিরাপত্তা বিটের বিপরীতে চারটি বিটে আনসার সদস্য দিয়ে দায়িত্ব পালন করানো হচ্ছে। তাঁর ভাষ্য, আনসার সদস্যরা নিরস্ত্র হওয়ায় চোরচক্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলাও কঠিন হয়ে পড়েছে।


চুরির ঘটনায় জড়িত সন্দেহে জসিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার কথা জানিয়ে আলতাব হোসেন বলেন, অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করেছিল। প্রায় এক মাস পর তিনি জামিনে মুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠেন বলে তাঁর দাবি। এ ঘটনায় আরও একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।


সর্বশেষ প্রকাশিত চুরির ভিডিওটি বেশ কিছুদিন আগের বলে দাবি করেন আলতাব হোসেন। তাঁর ভাষ্য, দায়িত্বে থাকা আরএনবি সদস্য সিপাহী ইমরান চুরি প্রতিরোধ করতে না পেরে ঘটনাটি ভিডিও ধারণ করে তাঁকে জানান। এসময় ওই সদস্যের সঙ্গে একজন আনসার সদস্যও দায়িত্বে ছিলেন। তবে চুরি প্রতিরোধ না করে ভিডিও ধারণ করায় তিনি ওই সদস্যকে দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি জানান। পরে ভিডিওটি প্রশাসনের বিভিন্ন দপ্তরে সহযোগিতা চাওয়ার প্রমাণ হিসেবে পাঠান।
আলতাব হোসেন আরও বলেন, দর্শনা থানা-পুলিশ, বিজিবি, র‌্যাব, জেলা গোয়েন্দা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তিনি চুরির ঘটনা ও চোরচক্রের বিষয়ে অবহিত করেছেন। তাঁর দাবি, বন্দরে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে এবং তাঁর দাখিল করা অভিযোগে একাধিক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে।


ভিডিওটি কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর তাঁকে দায়িত্ব থেকে ক্লোজ করে পাকশীতে প্রত্যাহার করা হয়েছে বলে জানান আলতাব হোসেন। তিনি বলেন, পর্যাপ্ত লোকবল না থাকা সত্ত্বেও চুরি প্রতিরোধের চেষ্টা করেছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। প্রয়োজনীয় জনবল ও সহযোগিতা না পেলে একা কীভাবে চোরচক্র প্রতিরোধ করবেন, সে প্রশ্নও তোলেন তিনি।


এদিকে ব্যবসায়ীদের একাংশের পক্ষ থেকে আরএনবির কিছু সদস্যের বিরুদ্ধে চোরচক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। সচেতন ব্যবসায়ী মহলের দাবি, দর্শনা রেলবন্দরে আমদানিকৃত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চুরির প্রতিটি ঘটনা তদন্ত করতে হবে। ভিডিওতে চিহ্নিত ব্যক্তিদের শনাক্ত, চোরাই মালামালের ক্রেতা-বিক্রেতাদের খুঁজে বের করা এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা ও সম্ভাব্য যোগসাজশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জনবলসংকট নিরসন করে বন্দরের প্রতিটি বিটে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগের দাবিও জানিয়েছেন তাঁরা।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল