চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশের সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হামিদুল হক টুটুল ও ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার বিপ্লব, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রিবন, সহসাধারণ সম্পাদক নাজমুল সালেহীন হিরক ও জাহিদ হোসেন জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক গোলাম শাহরিয়ার লিটন, সদস্যসচিব শরিফুল ইসলাম রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী ও সাইদুর রহমান বিজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে পলাতক স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা রাজপথে সজাগ রয়েছেন।
তারা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে থাকলেও দেশে তাঁর কিছু বিভ্রান্ত কর্মী বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উদার ও দয়ালু বলেও মন্তব্য করেন বক্তারা। তাদের ভাষ্য, তা না হলে এসব অপতৎপরতায় জড়িতদের অনেক আগেই কঠোরভাবে দমন করা সম্ভব হতো।
প্রশাসন ও নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে তাদের কঠোর অবস্থান নিতে বাধ্য হতে হয়। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, কোথাও নিষিদ্ধ সংগঠনের দুই-তিনজন নেতা-কর্মীকে একসঙ্গে দেখা গেলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হলে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সমীকরণ প্রতিবেদক