বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় স্বর্ণ চোরাচালান ও মাদক কারবার নিয়ে বিরোধ

হাসুয়া-চাপাতি দিয়ে যুবককে কুপিয়ে জখম
  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৬ ইং
দর্শনায় স্বর্ণ চোরাচালান ও মাদক কারবার নিয়ে বিরোধ

দর্শনায় স্বর্ণ চোরাচালান ও মাদক কারবারকে কেন্দ্র করে বিরোধের জেরে ওমর ফারুক (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। দেশীয় ধারালো অস্ত্র হাসুয়া ও চাপাতি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা।


গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দর্শনা সীমান্তবর্তী দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনসংলগ্ন গ্যাংকোয়ার্টার পাড়ার একটি বাঁশবাগানে এ হামলার ঘটনা ঘটে। আহত ওমর ফারুক ওই এলাকার মৃত হোসেন বাবু ওরফে টেংরার ছেলে।
আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান, মাদক কারবারসহ বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওমর ফারুক বাড়ির পাশে অবস্থান করছিলেন। এসময় একদল ব্যক্তি অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা হাসুয়া ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।


এ ঘটনায় দক্ষিণ চাঁদপুর এলাকার চারজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছে আহতের পরিবার। অভিযুক্তরা হলেন- আক্তার হোসেনের ছেলে রানা হোসেন (৩০), আব্দুর রাজ্জাকের ছেলে মিনারুল হোসেন (৩২), শুকর আলীর ছেলে সম্রাট হোসেন (২৮) ও ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৯)। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ। পরে স্বজন ও স্থানীয়রা আহত ফারুককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


এদিকে, এ ঘটনার সঙ্গে আহত ওমর ফারুকের বিরুদ্ধেও স্বর্ণ চোরাচালানে সংশ্লিষ্টতা ও স্বর্ণ গায়েবের অভিযোগের বিষয়টি সামনে এসেছে। স্থানীয়দের দাবি, এর আগে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছিল। ফলে সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান ও মাদক কারবারের নিয়ন্ত্রণ, লেনদেন কিংবা অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হামলা হয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সীমান্তবর্তী দর্শনায় অবৈধ কারবারকে কেন্দ্র করে এমন সহিংসতার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি