বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি

চালক ও সহকারীকে কুপিয়ে জখম
  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৬ ইং
দর্শনায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি

দর্শনা জংশনের কাছে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ট্রেনের ইঞ্জিনের কেবিনে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, টাকাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোর ৩টার দিকে দর্শনা জংশনের অদূরে দুধপাথিলা মুরগির খামার এলাকায় এ ঘটনা ঘটে।


রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের অপেক্ষায় দুধপাথিলা মুরগির খামারসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় ডাকাতেরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে চালক ও সহকারী চালককে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, টাকা ও জামা-কাপড় ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।


এদিকে আহত অবস্থায়ও চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকারটি উথলী স্টেশনে অবস্থান করছিল। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক এসে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।


দামুড়হুদা থানার ওসি রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থলে ঘুরে দেখেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, সেটির কারণ অনুসন্ধান করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি