ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৬৫৩ পিস ওষুধ ও ২০০ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে এক দালালসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এসময় একটি ইজিবাইকও জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টর দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেতবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫০-এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তোবিবুরের কালাইখেতের পাশ থেকে মালিকবিহীন ৬৫৩ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
এর আগে গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২০০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তুহিন মিয়ার আমবাগান থেকে এসব কীটনাশক উদ্ধার করা হয়।
এদিকে, গত বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার যোষপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন (৩৫), কুমিল্লার লালমাই উপজেলার সায়েদ আলম (২২), নাঙ্গলকোট উপজেলার সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার মো. মাহমুদুল হাসান (২১)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বিল্লাল হোসেনকে দালাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের, জব্দ করা ইজিবাইকসহ, মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
সমীকরণ প্রতিবেদন