চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসানের শরীরে গরম পানি নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত সুলতানকে (৪৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের সহযোগিতায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নওশাদ মাহাফুজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর সুলতানকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের পুকুরপাড়ার একটি চায়ের দোকানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে চায়ের দোকানের কেতলিতে থাকা গরম পানি ছুড়ে মারা হয় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসানের শরীরে। এতে তিনি ঝলসে গিয়ে তীব্র যন্ত্রণার শিকার হন। পরে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে ফিরে আসেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাসানুজ্জামান হাসান মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুলতান আত্মগোপনে ছিলেন।
তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নওশাদ মাহাফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত সুলতানকে চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়।
প্রতিবেদক সরোজগঞ্জ