রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার দুপুরে বঙ্গভবনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিনিধি দল দেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রপতি তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যপারে আশ্বস্ত করেন। রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে তৈরি পোশাক শিল্পে যে অব্যবস্থাপনা ও অনিয়ম চলে আসছে তা সমাধানে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।
সাক্ষাতকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাাবাদ ব্যক্ত করেন।
এদিকে সৌজন্য সাক্ষাৎকালে মাহমুদ হাসান খান বাবু রাষ্ট্রপতির সঙ্গে কিছু সময় কাটান। এসময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও একান্ত আলাপচারিতা করেন।
সমীকরণ প্রতিবেদক