বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় পাখিভ্যানের দুই যাত্রী আহত

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৬ ইং
দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় পাখিভ্যানের দুই যাত্রী আহত

দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় পাখিভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জয়রামপুর চৌধুরীপাড়ার বাবুল আখতারের ছেলে রাশিদুল ইসলাম (৩০) একই গ্রামের মৃত সবুর আলীর ছেলে ইমতিয়াজ উদ্দিনের (৫০) চালিত পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁচা সবজিবোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৯৭২) ভ্যানটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে রাশিদুল ইসলামের পা ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর জখম হয়। এছাড়া ভ্যানচালক ইমতিয়াজ উদ্দিন সড়কে ছিটকে পড়ে আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশিদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। অপরদিকে প্রাথমিক চিকিৎসা শেষে ইমতিয়াজ উদ্দিন বাড়ি ফিরে যান। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই পবিত্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ বা মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায়