বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল, ফুটবল খেলা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোববার সন্ধ্যা ৭টার দিকে রঘুনাথপুর স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে পথচারীদের মাঝে খাবার বিতরণ এবং বিজয়ী ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, শহিদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির প্রতিষ্ঠাতা। ১৯৭১ সালের ২৭ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ১৯৭৮ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। পরে তাকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়।
তিনি আরও বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
বিএনপি নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ওহিদুজ্জামান, বিএনপি নেতা আলিম, ইনছান, খোকন বিশ্বাস, রাসেল, তারিক, টুকু ও মনা। এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য আলফাজ জামান আলফাজ, ছাত্রদল নেতা লাদেন, বিপ্লব, রমজান, মকবুলসহ রঘুনাথপুর গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন রঘুনাথপুর মসজিদের ইমাম মুফতি তারিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোজাম্মেল হক।
প্রতিবেদক দামুড়হুদা