বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে নির্বাচনী মতবিনিময়কালে শরীফুজ্জামান

স্থানীয় সংস্কৃতি বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানো হবে
  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে নির্বাচনী মতবিনিময়কালে শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর আয়োজনে গতকাল বুধবার রাত ৮টায় চুয়াডাঙ্গা সাহিদ গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসাস-এর সভাপতি সহিদুল হক বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জাতির চিন্তা, চেতনা ও মূল্যবোধ গঠনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি যদি হয় রাষ্ট্র পরিচালনার হাতিয়ার, তবে সংস্কৃতি হলো জাতির আত্মা। এই আত্মাকে শক্তিশালী না করতে পারলে কোনো সমাজই টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার সাংস্কৃতিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ভাষা, সাহিত্য, গান, নাটক ও শিল্পচর্চার মাধ্যমে সমাজকে আলোকিত করে আসছে। নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও আপনারা মানুষের মানবিকতা, প্রতিবাদী চেতনা ও মুক্তবুদ্ধির বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন। এই অবদান জাতি কখনো ভুলে যাবে না।


শরীফুজ্জামান শরীফ বলেন, আজ দেশে গণতন্ত্র সংকুচিত, মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত এবং সংস্কৃতির স্বাধীন চর্চা নানা সীমাবদ্ধতার মুখে পড়েছে। একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ছাড়া গণতন্ত্র কখনো বিকশিত হতে পারে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক জাগরণও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে- সংস্কৃতি কোনো দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। সংস্কৃতি সবার, মানুষের। ক্ষমতায় গেলে সাংস্কৃতিক সংগঠনগুলোর স্বাধীনতা নিশ্চিত করা হবে, শিল্পীদের মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হবে এবং স্থানীয় সংস্কৃতি বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানো হবে।


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। আমি আশা করি, আপনারা যেমন অতীতে অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে কথা বলেছেন, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত রাখবেন। শেষে শরীফুজ্জামান শরীফ বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের নির্বাচন নয়; এটি গণতন্ত্র, সংস্কৃতি ও মানুষের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। এই লড়াইয়ে সাংস্কৃতিক অঙ্গনের সহযোগিতা ও দোয়া কামনা করছি।


সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি ইকবাল আতাহার তাজ, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবি জহির রায়হান, জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহামুদ, শিল্পী কল্যাণ সংস্থার সদস্য কমরেড লিটু বিশ্বাস ও চর্চায়নের সভাপতি রিগ্যান এসকান্দার।
জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব সুমন পারভেজ খান, জেলা সংলাপ গোষ্ঠীর সভাপতি নজির হোসেন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সাধারণ সম্পাদক শেখ সেলিম, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আদিল হোসেন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মোমিন টপু, শিল্পী কল্যাণের সভাপতি মুন্সি আব্দুল মান্নান, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত, নগর বাউল একাডেমির সভাপতি মহাসিন আলী, সংলাপ গোষ্ঠীর সাধারণ সম্পাদক আহসান হাবীব খান, ওস্তাদ আশরাফ আলী, সার্বিক সহযোগিতায় ছিলেন বাপ্পী।



কমেন্ট বক্স
notebook

মাদক উদ্ধার, ১১ বাংলাদেশি আটক