বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আজ থেকে শুরু প্রচারণা, ভোটারদের কাছে ছুটবেন প্রার্থীরা
  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে এসকল জেলার রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেন। এ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে ৬ জন প্রার্থী, মেহেরপুরের দুটি আসনে ৭ জন প্রার্থী ও ঝিনাইদহের চারটি আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, প্রতীক বরাদ্দের পর আজ থেকে শুরু হচ্ছে ভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা দিন-রাত এক করে ছুটবেন ভোটারদের দ্বারে দ্বারে।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দুটি আসনের ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ও হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম আজিজী। এছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তার পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রার্থীর সমর্থক খালিদ মাহমুদ মিল্টন। ওই আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন ও হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজীব।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব প্রচারণা চালাতে হবে। আচরণবিধি প্রতিপালন করতে হবে। নির্বাচন কমিশনের যেসব নিয়ম-নীতি রয়েছে, তা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে চারটি উপজেলায় ১১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নিয়মের ব্যত্যয় হলে তারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।


মেহেরপুর:
মেহেরপুরের দুটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের বিএনপি প্রার্থী মাসুদ অরুনকে ধানের শীষ, জামায়াত প্রাথী তাজউদ্দিন খানকে দাড়িপাল্লা, জাতীয় প্রার্টি প্রাথী আব্দুল হামিদকে লাঙ্গল এবং সিবিপি প্রার্থী অ্যাড. মিজানুর রহমানকে কাস্তে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনকে ধানের শীষ, জামায়াত প্রার্থী নাজমুল হুদাকে দাড়িপাল্লা এবং জাতীয় পার্টি প্রার্থী আব্দুল বাকীকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ঝিনাইদহ:
উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২১ জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


ঝিনাইদহ-১ আসনে মো. আসাদুজ্জামান- ধানের শীষ (বিএনপি), এএসএম মতিউর রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান- ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব- কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মনিকা আলম- লাঙ্গল (জাতীয় পার্টি)। ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ- ধানের শীষ (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসসাদুল ইসলাম- মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব, কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সওগাতুল ইসলাম- লাঙ্গল (জাতীয় পার্টি)।


ঝিনাইদহ-৩ আসনে মেহেদী হাসান- ধানের শীষ (বিএনপি), অধ্যাপক মতিয়ার রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও সুমন কবির- ট্রাক (গণঅধিকার পরিষদ)। ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁন- ধানের শীষ (বিএনপি), মাওলানা আবু তালেব- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ- কাপ পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম- উদীয়মান সূর্য (গণফোরাম), এমদাদুল ইসলাম বাচ্চু- লাঙ্গল, (জাতীয় পার্টি)।


গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার ও প্রার্থীসহ বিপুল সংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তেল-সারের দাম কমায় অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত