চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণায় এখন গ্রামীণ জনপদে ব্যাপক সাড়া এবং তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে নওদা বন্ডবিল মোড় থেকে তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন। ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ মোড় থেকে শরীফুজ্জামান শরীফের প্রচারণা শুরু হওয়ায় স্থানীয় জনতা এবং বিশেষ করে যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। পথে পথে শত শত মানুষ প্রিয় নেতাকে অভিবাদন জানাতে ভিড় করেন। এসময় নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষজন তাঁদের অর্থনৈতিক বঞ্চনা ও বেকারত্বের সমস্যা প্রার্থীর কাছে তুলে ধরেন।
গণসংযোগে শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং উপস্থিত বিপুল সংখ্যক তরুণ নেতা-কর্মীদের উদ্দেশে আবেগঘন ও বিস্তারিত বক্তব্য দেন। তিনি যুব সমাজ এবং ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমার বেলগাছি ইউনিয়নের ভাই ও বোনেরা, নওদা বন্ডবিল মোড় থেকে আজ আমি যে তারুণ্যের শক্তি দেখছি, আমি বিশ্বাস করি- এই শক্তিই ধানের শীষকে বিজয়ী করবে। আপনারা কেন কষ্ট পাচ্ছেন? কারণ আমাদের যুবসমাজ আজ বেকারত্বের অভিশাপে ভুগছে, তাদের মেধা ও শক্তিকে কাজে লাগানো হচ্ছে না। আমি আপনাদের কাছে এসেছি এই হতাশা দূর করার অঙ্গীকার নিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই তারুণ্যের স্বপ্ন পূরণের জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা আপনাদের অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির গ্যারান্টি। আমি আপনাদের কাছে কোনো ফাঁকা বুলি দিতে আসিনি, এসেছি ৩১ দফার অঙ্গীকার নিয়ে। ৩১ দফায় আমরা ওয়াদা করেছি- কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, দেশের অর্থনীতিকে দুর্নীতিমুক্ত করা হবে এবং যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ তৈরি করা হবে। আমি আপনাদের কথা দিচ্ছি-বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর।’
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আমি আপনাদের সেবক হিসেবে পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের জয় হবেই।’
গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ খান, জেলা যুবদলের নেতা আমাননুল্লাহ, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সহসভাপতি ঝণ্টু মালিতা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব রাসেল আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্যসচিব তন্ময় আহমেদ, তপু আহমেদ, এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা তানিমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক