রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিউইয়র্কে আ. লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৫ ইং
নিউইয়র্কে আ. লীগ নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগপন্থী কর্মীদের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ স্টেশনে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ১১টায়, নিউইয়র্ক এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন। মামলায় ২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, বিমানবন্দরে হামলার পরও ওই হামলাকারীরা লাউঞ্জ ও আশপাশের এলাকায় নানাভাবে হেনস্তার চেষ্টা চালায়।


ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘আমরা ইউএস পুলিশকে জানিয়েছি-এই হামলাকারীরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে। আমরা জাতিসংঘের রিপোর্টসহ প্রমাণও দাখিল করেছি।’


তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশে কিংবা বিদেশে-আওয়ামী সন্ত্রাসীরা আইনের হাত থেকে রেহাই পাবে না। তারা যা করেছে, তার আইনগত নিষ্পত্তি হবে। আমরা চাই না, তারা আবার বাংলাদেশে ফিরে সন্ত্রাস করতে পারুক।’ এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেছিলেন, ‘শেখ হাসিনার গুলি-বুলেটকে ভয় পাই না। ভাঙা ডিমে কিছু যায় আসে না।’ 


প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, আখতার হোসেন এবং ডা. তাসনিম জারা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা তাদের ঘিরে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওই সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কয়েকজন কর্মী পরিস্থিতি সামাল দিয়ে তাদের গাড়িতে তুলে নিরাপদে বের করে আনেন।


চলতি মাসের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে এনসিপি নেতা আখতার হোসেনের। তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পরও এ ঘটনার আইনগত ও কূটনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত