বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমির ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নাহিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে ওই মামলায় বিচারিক প্রক্রিয়া চলছিল। তদন্তে তার সম্পৃক্ততা উঠে আসার পর ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা চলমান ছিল। পরোয়ানা পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে তদন্তুসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সূত্র আরও জানায়, নাহিদুল ইসলাম দীর্ঘ সময় পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ডিআইজি পদে থাকার সময়ও তিনি নানা অভিযোগের মুখে ছিলেন। তবে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট এই মামলাটি ছিল সবচেয়ে গুরুতর। এই ঘটনায় এলাকায় ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক মেহেরপুর