ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একাধিক দোকানপাট ও মোটরসাইকেল। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভগবাননগর গ্রামের অর্ণব ও তার বন্ধু জিহাদ মোটরসাইকেলে পাশের দুধসর গ্রামে যান। সেখানে মোটরসাইকেলের এলইডি লাইট জ্বালানোকে কেন্দ্র করে দুধসর গ্রামের লিমন শাহর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এর জেরে শনিবার সন্ধ্যায় ভাটই বাজারে শৈলকুপা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সমর্থিত কাজল গ্রুপ এবং থানা যুবদলের আহ্বায়ক রবিউল গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী জোয়ারদারের সমর্থকদেরও বিএনপির একপক্ষে যোগ দিতে দেখা যায়।
সংঘর্ষ চলাকালে লাঠিসোটা নিয়ে দোকানপাটে হামলা চালানো হয়। এতে অন্তত ৩ জন আহত হন। ভাঙচুর করা হয় জিয়াউর রহমান, আব্দুল বারী, মনজের আলী, আরশাদ ও সিদ্দিকের দোকানসহ কয়েকটি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাটই বাজারে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তাৎক্ষণিক পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
ঝিনাইদহ অফিস