আলমডাঙ্গা অফিস/প্রতিবেদক, মহেশপুর:
আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক সাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা পশুহাটের টাইগার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুদর রাজ্জাক আলমডাঙ্গার হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাইকেল মেরামত ও পুরাতন সাইকেল বিক্রির ব্যবসা করতেন। প্রতি বুধবার আলমডাঙ্গা পৌরসভার লালব্রিজ সংলগ্ন এলাকায় পশুহাট ও সাইকেলের হাট বসে। এদিন তিনি দুটি সাইকেল বিক্রির জন্য হাটে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটের টাইগার মোড়ের কাছে পৌঁছালে ভাই ভাই পরিবহনের একটি বালুবোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাজ্জাক সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়। রাজ্জাকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হিাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহজ-সরল রাজ্জাকের লাশ দেখে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে। গতকাল বাদ মাগরিব হাউসপুর স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপর দিকে, মহেশপুরে সড়ক দুর্ঘটনায় অরণ্য (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন অরণ্য। তিনি পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সমীকরণ প্রতিবেদক