গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বিচার চেয়ে দর্শনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টর হিসাবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জীবননগর ও দামুড়হুদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা করে সত্যকে দমিয়ে রাখা যাবে না। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। অপরাধীদের বিচার না হলে নৈরাজ্য বাড়বে।’ বক্তারা বলেন, ‘রাষ্ট্রের ও সমাজের সকল কাজে সবার আগে সাংবাদিকরা থাকে। আবার এই সাংবাদিকদেরই নানাভাবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়। সাংবাদিকরা নির্যাতনের শিকার হলেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হয় না। যার ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকেরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। অথচ রাষ্ট্রের সেই স্তম্ভের নিরাপত্তায় কোনো কোনো আইন নেই। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করা হোক। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। যুগে যুগে এ দেশে সাংবাদিক হত্যার বা নির্যাতনের সঠিক বিচার হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রত্যাশা ছিল পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু দুঃখের বিষয় তা হয়নি। বরং সাংবাদিক নির্যাতন বাড়ছেই, যেটা খুবই কষ্টের।’
বক্তারা আরও বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করা হোক। যাতে করে ভবিষ্যতে আর কেউ সাংবাদিক হত্যা ও নির্যাতনের মত জঘন্য কাজ করার সাহস না পায়।’
মানববন্ধনে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, মাসুম বিল্লাহ, মনিরুজ্জামান ধীরু, হানিফ মন্ডল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির আহম্মেদ ফয়সাল, দর্শনা প্রেসক্লাবের সদস্য রিফাত হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সদস্য চঞ্চল মেহমুদ, প্রবাসী সাংবাদিক শাফায়েত উল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম লিটন, গণউন্নয়ন গ্রন্থাগারের সভাপতি আবু সুফিয়ান ও দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ হারুন অর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।
অপর দিকে, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টিভির এম রায়হান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, প্রথম আলোর আজাদ রহমান, এসএ টিভির ফয়সাল আহম্মেদ, প্রেসক্লাবের সহসভাপতি এশিয়ান টিভির এম রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, সময় টিভির সোহাগ আলী, কামরুজ্জামান লিটন, অবজারভার পত্রিকার আবু জাফর রাজু, চ্যানেলটোয়েন্টি ফোরের সাদ্দাম হোসেন, আমাদের সময় পত্রিকার খাইরুল ইসলাম নিরব প্রমুখ।
প্রতিবাদ সভায় বলা হয়, যারা সাংবাদিক হত্যা করে তারা গণতন্ত্রের দুশমন। সময় এসেছে এই সন্ত্রাসীদের প্রতিহত করার। নেতৃবৃন্দ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে প্রেস ইউনিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, প্রেস ইউনিটির সভাপতি সায়েদুল ইসলাম পল্লব, রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জাসদ নেতা অ্যাড. আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।
সমীকরণ প্রতিবেদন