রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

টাইব্রেকারে মাঝেরপাড়াকে হারালো ফার্মপাড়া ফাইভ স্টার

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২৫ ইং
টাইব্রেকারে মাঝেরপাড়াকে হারালো ফার্মপাড়া ফাইভ স্টার

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত স্পর্ট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দারুণ নাটকীয়তায় জয় পেয়েছে ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে শক্তিশালী মাঝেরপাড়া একাদশকে। ম্যাচের শুরু থেকেই দুই দল একে অপরকে চাপ দিয়ে খেলতে থাকে। প্রথমার্ধজুড়ে পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেও কোনো দল গোল করতে না পারলেও বিরতির ঠিক আগে মাঝেরপাড়া একাদশের হয়ে সবুজ একটি দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব।

ম্যাচের ৫০তম মিনিটে নাজমুলের এক ঝলক কাউন্টার অ্যাটাকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর উভয় দলই একাধিক সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ায় খেলার বাইলজ অনুযায়ী ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও চলতে থাকে টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে নেয় ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব।


বিজয়ী দলের পক্ষে খেলেছেন দলীয় অধিনায়ক হাসান, সাদিক, মনি, অর্পণ, রিয়াজ, রাফেজ, দিগন্ত, হোসেন আলী, প্রান্ত, চান্দু, মানিক ও সজীব। ফাইভ স্টার ক্লাবের ম্যানেজার ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার জুয়েল মাহমুদ এবং দলের কোচ ছিলেন এস এম মিলন। শক্তিশালী প্রতিপক্ষকে হারানোয় দলের সকল খেলোয়াড়কে শুভেচ্ছা জানান পরিচালক জুয়েল মাহমুদ।


মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান হুসাইন, টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সদস্য এবং ‘টাউন ফুটবল মাঠ বয়েজ’ নামে পরিচিত সাগর, অপূর্ব, পুলক, নাজিম ও খোকন। ম্যাচটি পরিচালনা করেন জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য রফিকুন নবী রিয়ান। টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ ৫ আগস্ট ও আগামীকাল ৬ আগস্ট কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত