ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজি মামলার সাক্ষীকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ আলাদত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবারো হামলার আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী বিচার প্রার্থী।
জানা যায়, সদর উপজেলার ডাকবাংলা বাজারের কাজী সড়কে ২০২৪ সালে একটি চাঁদাবাজির ঘটনায় মামলা হয়। বুধবার আদালতে সেই মামলার চার্জ গঠন করা হয়। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আসামীরা সাক্ষী কাজী ফারুককে মারধরের হুমকি দেয়। পরে আদালত চত্বরে বের হলে অভিযুক্তরা সাক্ষীকে ধরে বেধড়ক মারপিট করে ও সাক্ষী দিতে এলে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি কোর্ট ইন্সপেক্টরের কাছে গেলে তিনি থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।
সাক্ষী কাজী ফারুক বলেন, ‘আমি আদালতে আসায় আমাকে হুমকি ও মারধর করা হয়েছে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।’ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ অফিস