রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালু বাহিনীর ‘ডানহাত’ রাজু গ্রেপ্তার, উন্মোচিত হচ্ছে ভয়াবহ নেটওয়ার্ক

কুষ্টিয়া থেকে শুরু, ছায়া বিস্তার চুয়াডাঙ্গা-খুলনা পর্যন্ত
  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
কালু বাহিনীর ‘ডানহাত’ রাজু গ্রেপ্তার, উন্মোচিত হচ্ছে ভয়াবহ নেটওয়ার্ক

চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আদলে কুষ্টিয়া-ঝিনাইদহ এলাকায় গড়ে ওঠা সশস্ত্র বাহিনীর অন্যতম নেতা ও কুখ্যাত সন্ত্রাসী কালুর সেকেন্ড ইন কমান্ড রাজু আহমেদকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। গত সোমবার (২৩ জুন) রাতে কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রাজু আহমেদ (৩৫) কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। একই গ্রামের শীর্ষ চরমপন্থী কালু ওরফে আলী রেজা ওরফে বুলবুল ওরফে কমল দার চাচাতো ভাই। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজু কালুর নির্দেশে পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চাঁদাবাজি, হাট-বাজার দখল, বালু মহল নিয়ন্ত্রণ, টেন্ডার কারসাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, রাজুকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রাজু নিজেই প্রতিদিন অডিও/ভিডিও কলে দেশের বাইরে থাকা কালুর সঙ্গে যোগাযোগ করতেন এবং সংগৃহীত অর্থের একটি অংশ কালুকে পাঠাতেন। রাজুর মোবাইল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ চলছে।

পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-ঝিনাইদহ ছাড়াও চুয়াডাঙ্গা, রাজবাড়ী, পাবনা, নাটোর, খুলনা অঞ্চলে বিস্তৃত কালু বাহিনীর ত্রাস। একাধিক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই কালু বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে ধারণা। তবে দেশীয় মাঠে তার কর্মকাণ্ড চালাতেন রাজু। সম্প্রতি মধুপুর ইটভাটা বাজারে মুদি দোকানি ও হাটের অর্থলগ্নিকারক টুটুল হোসেনকে গুলি করে হত্যা করে কালু বাহিনীর সদস্যরা। এর আগে ঝিনাইদহের ত্রিবেনী ইউনিয়নের শ্মশানঘাট এলাকার ক্যানালের পাশে তিন ব্যক্তির লাশ ফেলে রেখে ‘কালু জাসদ গণবাহিনী’ নামের হোয়াটসঅ্যাপ বার্তায় দায় স্বীকার করে ভয়াবহ বার্তা ছড়ানো হয়।

পুলিশের দাবি, কালু ও তার ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর কবির লিপটন দীর্ঘদিন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তবে গত বছর ৫ আগস্ট সরকারের পতনের পর একসময় আত্মগোপনে গেলেও পরে বিএনপি নেতাদের সহায়তায় আবার সক্রিয় হন। ৬ জুন সেনাবাহিনীর অভিযানে দুর্বাচারা গ্রাম থেকে লিপটনকে তিন সহযোগীসহ আটক করা হয়। অভিযানে পাঁচটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ১৫ জুন অপহরণ হওয়া আব্দালপুরের ব্যবসায়ী জাহাবক্সের ঘটনায় কালুর ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলী হায়দার ওরফে স্বপনকে গ্রেফতার করা হয়।

ওসি মেহেদী হাসান জানান, আটক রাজুর মোবাইল বিশ্লেষণে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। অভিযোগ রয়েছে, সে কালুর নম্বর ক্লোন করে নিজেই ‘কালু’ পরিচয়ে ভয়-ভীতি ছড়াত এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এমনকি কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির ভিডিও সে বিদেশে থাকা কালুকে পাঠায়। সাইবার অপরাধ তদন্ত শাখা ইতোমধ্যে এসব ডেটা বিশ্লেষণ শুরু করেছে। রাজুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কালু বাহিনীর গোপন নেটওয়ার্ক ও অস্ত্র চক্রের বিস্তারিত তথ্য পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত