চুয়াডাঙ্গার দীননাথপুরে বিষপান করে মুস্তাকিম (৩৫) নামে এক ঢালাই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার দাবি করেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিষপানের হুমকি দিয়ে আসছিলেন। নিহত মুস্তাকিম সদর উপজেলার দীননাথপুর পোস্ট অফিস পাড়ার সোনা মন্ডলের ছেলে। পেশায় তিনি ঢালাইয়ের কাজ করতেন।
নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মুস্তাকিম ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টার দিকে হঠাৎ চিল্লাপাল্লা শুরু করেন। এ সময় তার মুখ ও নাক দিয়ে ফেনা ও বমির মতো কিছু বের হতে থাকে। পরে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের দাবি, মুস্তাকিম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থিরতায় ভুগছিলেন এবং প্রায়শই বলতেন, ‘বিষ খাবো, বিষ খাবো।’ ধারণা করা হচ্ছে, তিনি ‘পুড়াডান’ (কেঁচো মারার বিষ) পান করেছিলেন।
তবে স্থানীয় কয়েকটি সূত্র ভিন্ন তথ্য দিয়েছে। তাদের দাবি, মুস্তাকিম সাম্প্রতিক সময়ে ঋণের চাপে ছিলেন এবং স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহও চলছিলো। এমন পরিস্থিতিতে হতাশ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে মংনাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।’
নিজস্ব প্রতিবেদক