রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত

প্রতিটি শিশুকে তার স্বপ্ন গড়ার সুযোগ দেয়ার তাগিদ
  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত

‘শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যেটা শুধু একটি শিশুর ভবিষ্যৎই ধ্বংস করে না, পুরো জাতির সম্ভাবনাকেই দুর্বল করে ফেলে। এটি যেন কোনোভাবেই আমাদের সমাজে স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ না হয়। আমাদের সবাইকে সেই দায় নিয়ে কাজ করতে হবে।’ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা যখন শিল্পকারখানার কথা বলি, তখন অনেকে কেবল আধুনিক কারখানার কথা ভাবেন। অথচ আমাদের আশপাশের গ্যারেজ, হোটেল, ওয়ার্কশপসহ ছোট ছোট শিল্পক্ষেত্রেও এখনও শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়। এটি শুধু অনৈতিক নয়, বরং শিশু অধিকার ও নিরাপত্তার সরাসরি লঙ্ঘন।’ তিনি আরও বলেন, ‘আধুনিক কারখানাগুলো শিশুদের কাজে লাগায় না, কারণ তারা জানে- শিশুশ্রম থাকলে পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হবে। কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠানে সে মান নিয়ন্ত্রণ বা জবাবদিহিতা নেই বললেই চলে। অভিভাবকদের দায়িত্বহীনতা, সামাজিক নির্লিপ্ততা আর দারিদ্র্য শিশুশ্রমকে টিকিয়ে রেখেছে।’


সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক বিল্লাল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান প্রমুখ। সভায় উপস্থাপনায় ছিলেন কুষ্টিয়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মোফাজেল হোসেন। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) দিল আরা চৌধুরী, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, ব্র্যাক জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, সাংবাদিক শাহ আলম সনি, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, শিক্ষার্থী সাকিব বিশ্বাসসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


সভা শুরুর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে কোর্ট মোড়ের দোয়েল চত্বর ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল- ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দীপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।’ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আসুন, সবাই মিলে শিশুশ্রম বন্ধ করি, প্রতিটি শিশুকে তার স্বপ্ন গড়ার সুযোগ করে দিই।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত