দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর ও কাদিপুরে ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোহন সর্দার নামের একজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত শুক্রবার সকাল ৮টার দিকে খাগড়াছড়ি সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মোহন সরদার (৩৬) ঝিনাইদহ হরিণাকুণ্ডু থানার ভবিতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
থানা সূত্র থেকে জানা যায়, গত ২৮ মে দামুড়হুদা উপজেলার নতুন বাস্তুপুর ও কাদিপুরে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সম্পৃক্ত থাকার কিছু আলামত উদ্ধার করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। আলামত অনুযায়ী তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিদর্শক মো. হিমেল রানা, উপ-পরিদর্শক শ্রী উত্তম কুমার, মো. সবুজ উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক মো. অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খাগড়াছড়ি সদর থানা-পুলিশের সহযোগিতায় খাগড়াছড়ি এলাকা হতে ঝিনাইদহ হরিণাকুণ্ডু থানার ভবিতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহন সর্দারকে আটক করেন। (যার দামুড়হুদা মডেল থানার মামলা নং-১২, তারিখ-২৮/০৫/২০২৫ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)। গতকাল তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে খাগড়াছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রতিবেদক দামুড়হুদা