আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুই ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা থানাধীন রংপুর গ্রামের শিপন মেম্বারের ছেলে বিকাশ (২১) ও মেহেরপুরের কানাইডাঙ্গা গ্রামের মৃত রিয়াজতুল্লাহর ছেলে আজিজুর রহমান টুটুল।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের মৃত ইয়াসিন মণ্ডলের ছেলে শরিফ (২৫) দীর্ঘদিন ধরে ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৪ এপ্রিল সকালে চুয়াডাঙ্গার ফার্মপাড়ার আব্দুল কাদেরের নিকট থেকে একটি ইজিবাইক ভাড়া নেন। ওইদিন রাত ৯টার দিকে একাডেমি মোড় এলাকা থেকে তিনজন যাত্রী আলমডাঙ্গার রংপুর যাওয়ার কথা বলে শরিফের ইজিবাইকে ওঠে। রংপুর মাজহাট মাঠে পৌঁছালে তারা ধারালো ছুরি দেখিয়ে শরিফের ইজিবাইক ছিনতাই করে। পরবর্তীতে শরিফ মালিকের সঙ্গে যোগাযোগ করে গতকাল রোববার আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, মামলার প্রেক্ষিতে এসআই কাজী সামসুল আলম ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেহেরপুর জেলার বাড়াদী বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ছিনতাইকৃত ইজিবাইকসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকালই আদালতে সোপর্দ করাধ হয়েছে।
সমীকরণ প্রতিবেদন