বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাড়ি ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৫ ইং
আলমডাঙ্গায় বাড়ি ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগ

আলমডাঙ্গায় ৪৫ বছর ধরে বসবাস করা বাড়ি ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন চা দোকানি নাজির শেখ। তিনি আলমডাঙ্গা কোর্টপাড়ার মৃত ভিকু শেখের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজির শেখ বলেণ, ‘তারা কোর্টপাড়ায় বাড়ি করে ৪৫ বছর ধরে বসবাস করে আসছেন।

গত কয়েক বছর ধরে একই পাড়ার আব্দুল বারী তাদের বসতভিটা জবরদখলের জন্য নানা ষড়যন্ত্র করে আসছেন। ভাড়া করা লোকজন দিয়ে হুমকি-ধমকি ও উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে।

নাজির শেখ জানান, গত ২১ এপ্রিল বেশ কিছু ভাড়া করা লোকজন নিয়ে এসে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এসময় বাড়ির মহিলাদের মারধর ও গালিগালাজ করা হয়। তার মায়ের আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। কোনো উপায় না পেয়ে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভাঙচুর বন্ধ করে। তবে পুলিশ চলে যাওয়ার পর পুনরায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

নাজির শেখ বলেন, ‘এ ঘটনায় আমি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আব্দুল বারীর হুমকিতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বাড়ি দখলের আশঙ্কা করছি। আমার জমির মালিকানা নিয়ে কোনো সমস্যা থাকলে তা আদালতের মাধ্যমে মীমাংসা হবে। কিন্তু তারা কেন আমাদের বাড়ি ঘর ভাঙচুর করে জোরপূর্বক দখল করতে চাইছে? তা আমার জানা নেই।’

সংবাদ সম্মেলনের মাধ্যমে নাজির শেখ প্রশাসনের কাছে তার ও পরিবারের সদস্যদের জীবন রক্ষা এবং বাড়ি থেকে উচ্ছেদ রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল