দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে চোরকে আটক করেছে মোটরসাইকেলের মালিক। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের নিকট থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক মাসুম রানা (২৭) মহেশপুর থানার জুলুলি গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের ইলাউদ্দিন মন্ডলের ছেলে মুস্তাকিমের মোটরসাইকেলটি চেয়ে নিয়ে মাঠ দেখতে যান একই গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুল্লাহ। পরে আব্দুল্লাহ ফায়ার সার্ভিসের নিকটে মেইন রাস্তার ধারে মোটরসাইকেলটি লক করে মাঠে যান। পরক্ষণে মাঠ ঘুরে এসে আব্দুল্লাহ দেখেন রাস্তার ধারে রাখা মোটরসাইকেলের ঘাড় লক ভেঙে দুজন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসময় তিনি একজনকে জাপটে ধরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে। অপরজন পালিয়ে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেলের মালিক মুস্তাকিম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সমীকরণ প্রতিবেদন