চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি ও ঝিনুক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রউফ উর নাহার রিনা এবং সাবেক ছাত্রদল নেতা খালেকুজ্জামান খোকনের মা খালেদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ায় (চেম্বার ভবনের পাশে) মেয়ের বাড়িতে অবস্থানকালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। খালেদা বেগম ছিলেন সিনেমা হল পাড়ার প্রয়াত রউফ মিয়ার (সাবেক বিডিআর সদস্য) স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। মরহুমার জানাজার নামাজ আজ শুক্রবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে, খালেদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তাঁরা শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোক বার্তায় তাঁরা বলেন, খালেদা বেগম ছিলেন একজন ধার্মিক, দায়িত্বশীল ও স্নেহময়ী মা। তাঁর অবদান পরিবার ও সমাজে ছিল অনস্বীকার্য। তিনি যে সন্তানদের গড়ে তুলেছেন, তারা আজ সমাজের কল্যাণে কাজ করছেন, যা তাঁর জীবন ও আদর্শেরই প্রতিফলন। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণী ও শ্রদ্ধাভাজন মাকে হারালাম। এ শোক সহজে ভুলবার নয়। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সমীকরণ প্রতিবেদন