দামুড়হুদা উপজেলার চিৎলায় বন্যপ্রাণী শিকার করার অপরাধে আব্দুস সালাম পাচু (৫৫) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম পাচু চিৎলা প্রাইমারি স্কুলপাড়ার ছাত্তার মোল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, দুই মাস যাবৎ তার বিরুদ্ধে শিকারি পাখি দ্বারা পাখি শিকার করবার করার অভিযোগ আসছিল চুয়াডাঙ্গা জেলার পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য সংগঠনের কাছে। পরে বিষয়টি দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমানের নিকট জানায় সংগঠনটি। বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বনবিভাগ ও পরিবেশবাদী সংগঠন বিভিন্ন মাধ্যমে কয়েকবার নিষেধ করা সত্ত্বেও তিনি পাখি শিকার অব্যাহত রাখে বলে জানান স্থানীয় গ্রামবাসী।
এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, পরিবেশেবাদী সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু ও সাধারণ সম্পাদক শাহিন সরকার অভিযুক্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে খাঁচাবন্দী একটি ফাঁদসহ তিলে ঘুঘু উদ্ধার করে। পরে বিষয়টির সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুয়ায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সমীকরণ প্রতিবেদন