দামুড়হুদায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ ১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, পাট ও উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির নিমিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আকতারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবা, মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সালসহ উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ।
জানা গেছে, উপজেলার মোট ৮ হাজার ৮০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পৃথকভাবে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ৫ কেজি করে উফসী আউশ ধানের বীজ, ১ কেজি করে পাট বীজ, রাসায়নিক ডিএপি সার ১০ কেজি এবং পটাশ (এমওপি) সার ৫ কেজি করে বিতরণ করা হয়।
সমীকরণ প্রতিবেদন