আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সার্বিক পরিস্থিতি উন্নয়ন কল্পে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদকের স্পট গুলো চিহ্নিত করে সঠিক তথ্য সরবরাহ করতে হবে। মাদক নির্মূলে প্রশাসনিক এবং সামাজিক প্রচেষ্টার সমন্বিত পদক্ষেপ এর মাধ্যমে অনেকাংশে সফলতা অর্জন করা সম্ভব। বাল্যবিবাহ একটা গুরুত্বপূর্ণ অপরাধ। বাল্যবিবাহ বন্ধে সকলেই তথ্য প্রদান করতে হবে। ইভটিজিং বন্ধে সামাজিক এবং পারিবারিক কাউন্সেলিং বাড়াতে হবে। আইনশৃঙ্খলা মিটিং এ উপস্থাপিত এজেন্ডা গুলো আন্তরিকতার সহিত বাস্তবায়ন করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার। তিনি বলেন আমি দায়িত্ব নেওয়ায় পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের আধিপত্য অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বর্তমানে ডাক্তারদের স্বল্পতা আছে তবুও আমি সেবার মান অক্ষুণ্ন রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হক, ওসি (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ৪ তলা মোড়সহ আলমডাঙ্গার গুরুত্বপূর্ণ স্থান এবং সড়কগুলো যানজট মুক্ত, চাষের জমি থেকে মাটিকাটা বন্ধ, প্রভাবশালী মহলের অবাধে গাছ কেটে বিক্রি বন্ধ, উচ্চ শব্দে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ ও স্কুল কলেজ ছুটির সময় বখাটেদের দৌরাত্ম্য কমাতে ব্যহস্থা নেওয়ার আহ্বান জানান।
সমীকরণ প্রতিবেদন