ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটর গ্যারেজে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগে দুটি ট্রাক ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার মল্লিকনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতেরা হলেন, উপজেলা বলিদাপাড়া মাঠপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জিহাদুল ইসলাম (৩৫) ও দয়াপুর গ্রামের সাকিল হোসেনের ছেলে তানজিল হোসেন (১৬)।
স্থানীয়রা জানান, মল্লিকনগরের যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে একটি মোটর গ্যারেজে ট্রাক মেরামতের সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুন লাগে। আগুনটি দ্রুত ট্রাকের তেলের ট্যাংকিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গ্যারেজের পাশে থাকা আরও একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই দুটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, ওয়েল্ডিং কাজের সময় আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মোটর গ্যারেজে কাজ করার সময় আগুন লেগে দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে গ্যারেজের মালিক ও একজন কর্মচারী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদন