বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি, কর্মকর্তাকে গণধোলাই

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৫ ইং
রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি, কর্মকর্তাকে গণধোলাই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের কর্মকর্তা রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। এ ঘটনায় তাকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মুচলেকা দিয়ে রক্ষা হলেও জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভুলিয়া গ্রামের বাসিন্দা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক এই কটূক্তি করেন। ঘটনার পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও পরে তা গত সোমবার রাতে জানাজানি হয়ে পড়লে জনতার ক্ষোভ আছড়ে পড়ে।

গ্রামবাসী জানায়, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে নবী-রাসুলদের নিয়ে কটূক্তি করে আসছিল। আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে আগেও প্রকাশ্যে নবী-রাসুলদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সে। ক’দিন ধরে গ্রামের চায়ের দোকান ও পাবলিক প্রেসে রাসূল পাক (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মৌখিক মুচলেকা সাপেক্ষে ছেড়ে দেয়।

তাহেরহুদা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজী মোখলেসুর রহমান রাসু বলেন, মোজাম্মেল হক আগেও নবী-রাসূলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। সম্প্রতি সে একই কাজ করায় এলাকার যুবক ছেলেরা তাকে ধরে মারধর করেছে বলে শুনেছি। পরে তাকে আটকে পুলিশে খবর দিলে পুলিশের কাছে সে মৌখিক ভাবে দায় স্বীকার করে মাফ চায়। আর কখনো এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে সে ছাড়া পেয়েছে।

এ ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত মোজাম্মেল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান কে বলেন, এটা কয়েকদিন আগের ঘটনা। পুলিশ জানতে পেরেছে মোজাম্মেল হক আহলে কোরআন ওয়াল জামাত নামে একটি মতবাদে বিশ্বাসী। তিনি হাদিস মানে না। এ নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে তার বিরোধ ছিল।

ওসি আরও বলেন, গ্রামবাসীর অভিযোগ মোজাম্মেল হক নবী-রাসূলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। ঘটনাস্থলে গিয়ে মোজাম্মেল হকসহ গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মোজাম্মেল হক দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল