শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
শৈলকুপায় ডিগ্রি কলেজ মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ (ডিএম) ডিগ্রি কলেজের মাঠে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন- ‘কলেজ মাঠে স্থাপনা মানি না, মানব না’, ‘অবৈধ স্থাপনা মানি না, মানব না’। ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টায় কর্তৃপক্ষের পক্ষ থেকে যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

জানা গেছে, শেখপাড়া বাজারসংলগ্ন দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ মাঠের ২৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি এক পক্ষ জমির মালিকানা দাবি করে মাঠে স্থাপনা নির্মাণ শুরু করলে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ‘কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে আমরা খেলাধুলা করতে পারছি না। কলেজের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই অন্যায় আমরা মানব না। সুষ্ঠু সমাধান না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

কলেজের অধ্যক্ষ মো. আসাদুর রহমান বলেন, ‘কলেজ মাঠের জমি এওয়াজ (বদল) করা হয়েছে। এওয়াজকৃত জমিতে স্থাপনা নির্মাণ শুরু হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে। আশা করছি, বিষয়টির সুন্দর সমাধান হবে।’ এ বিষয়ে, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি)-কে পাঠানো হয়েছিল। কলেজের জমি নিয়ে দীর্ঘদিনের একটি জটিলতা রয়েছে। আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করছি, খুব শিগগিরই বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল