শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রতিবন্ধীর খেত ট্রাক্টর দিয়ে বিনষ্ট, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৫ ইং
দামুড়হুদায় প্রতিবন্ধীর খেত ট্রাক্টর দিয়ে বিনষ্ট, থানায় অভিযোগ

দামুড়হুদায় এক প্রতিবন্ধীর জমির ফসল জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষ করে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেজাউল করিম টেংরা (৪৫) দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী রেজাউল করিম টেংরা জয়রামপুর মালিতা পাড়ার বাসিন্দা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী।

অভিযোগে বলা হয়, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়রামপুর বেলতলা খড়ের মাঠ এলাকায় গাতিরপাড়ার মৃত লালু মন্ডলের ছেলে আজিত (৪২) ও মজিদ (৫৫) একটি ট্রাক্টর নিয়ে রেজাউল করিমের ১০ কাঠা জমিতে জোরপূর্বক প্রবেশ করে এবং সেখানে রোপণ করা ভুট্টার ফসল চষে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তিনি জানান, জয়রামপুর মৌজার ৬৬ শতক জমির মধ্যে তার ৪৪ শতক মালিকানাধীন এবং বাকি ২২ শতক বিবাদীদের দাবি করা হলেও সেখানে তার পৈতৃক মালিকানা ও দখল ছিল। জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

রেজাউল করিম টেংরা আরও জানান, বিবাদীরা আওয়ামী লীগ সমর্থক হওয়ায় ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরো জমি জোরপূর্বক ভোগ করে আসছিল। পরে গত ২৪ আগস্ট রেজাউল ও তার পরিবার তাদের জমি পুনরুদ্ধার করেন। তবে এর কিছুদিন পর থেকেই বিবাদীরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে। সর্বশেষ গতকাল সকালেই তারা ট্রাক্টর চালিয়ে ভুট্টার ক্ষেত নষ্ট করে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
রেজাউল করিম টেংরা আরোও দাবি করেন, জমির উপর তাদের বৈধ দলিল রয়েছে এবং বিবাদীদের কোনো কাগজপত্র নেই। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল