ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফাতিমা ফারহানা প্রমুখ। বক্তারা জানান, গত ২৮ জানুয়ারি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের দ্রুত জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষকরা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমীকরণ প্রতিবেদন