অকারিগরি ক্রাফটদের পক্ষে আদালতের রায়ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আখতার তুষার, ৩য় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপু এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শারমিন সুলতানা প্রমুখ। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আদালত অকারিগরি ক্রাফটদের পক্ষে যে রায় দিয়েছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। এইচএসসি পাস একজন ব্যক্তি পলিটেকনিকের শিক্ষক হওয়ার যোগ্য নন। এমন ব্যক্তিদের দ্বারা পাঠদান শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয়। তারা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের নিয়োগ দাবি করেন।
সমীকরণ প্রতিবেদন