মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৭ জন কর্মকর্তা-কর্মচারীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. সহিদুজ্জামান এবং পরিচালনা করেন এজিএম (প্রশাসন) জাকির হোসেন।
জানা গেছে, বদলিজনিত কারণে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর কার্যালয় থেকে বিদায় নেওয়া ৭ জন কর্মকর্তা-কর্মচারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, ডিজিএম (কারিগরি) শ্যামল কুমার মল্লিক, গাংনী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় চন্দ্র কুণ্ডু, এজিএম (কম) মোহাম্মদ তিতাস হোসেন, এজিএম (কম) এনছি জেরিন আক্তার, ঠিকাদার মোজাম্মেল হোসেন ও তাজুল ইসলাম, বিলিং সহকারী জান্নাত আরা, ওয়ারিং পরিদর্শক (বামন্দি জোনাল অফিস) দেলোয়ার হোসেন, ওয়ারিং পরিদর্শক (মুজিবনগর জোনাল অফিস) একে আজাদ এবং ওয়ারিং পরিদর্শক (গাংনী জোনাল অফিস) আব্দুল কাদের। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তাগণও বক্তব্য প্রদান করেন।
জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ তার বক্তব্যে বলেন, ‘যারা আজকে বদলি হয়েছেন, তারা প্রত্যেকেই মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্ব পালন করেছেন। যেহেতু এটা চাকরি, বদলি হবেই। মন খারাপের কিছু নেই। যেখানে যাবেন, সেখানেই যেন ভালোভাবে কাজ করতে পারেন, সেই কামনাই করি।’
সমীকরণ প্রতিবেদন