ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধারালো দা ও লোহার রড দিয়ে ইহসানুল হক ওরফে হোসাইন নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বাকুলিয়া বেজপাড়া মাঠে শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না (২১), মালেকা বেগমের ছেলে মো. রিয়াজ (৩০), ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের রানা (৩০) ও বাকুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সাব্বির (২১) হোসেন বসে গাঁজা সেবন করছিল। এসময় ইহসানুল হক ওরফে হোসাইন তাদের গাঁজা সেবনে দৃশ্য ভিডিও ধারণ করেন।
ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে মাদক সেবীরা তার ওপর চড়াও হয়। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার মাদকসেবীরা শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইহসানুলের উপর হামলা চালিয়ে জখম করে। ঘটনা সম্পর্কে জানতে মুন্নার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমীকরণ প্রতিবেদন