দামুড়হুদার মোক্তারপুর-কোমরপুর সড়কের কোমরপুর মাঠের সড়কের ওপর গাছ ফেলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কার্পাসডাঙ্গা বাজারের স্বর্ণ ব্যবসায়ী আশরাফুল হকের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে নিজেদের মাইক্রোবাসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিলে তিনি সুস্থতাবোধ করেন। পরে হাসপাতাল থেকে ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফেরার পথে দামুড়হুদার মোক্তারপুর-কোমরপুর মাঠের রাস্তার ওপর খেজুর ও মেহগনি গাছ ফেলে মাইক্রোবাসটি ব্যারিকেড দিয়ে আটক করা হয়। পরে ভেতরে থাকা স্বর্ণ ব্যবসায়ী আশরাফুলের স্ত্রী, ছেলে ও সঙ্গে থাকা লোকজনের কাছে নগদ টাকা, মোবাইল, চেন, হাতের বালা ও কানের দুল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে মাইক্রোর ড্রাইভার আনিছুর জানান, ভোর ৪টার দিকে সদর হাসপাতাল থেকে রোগীসহ আরও ৪ জনকে নিয়ে আসার সময় কোমরপুর মাঠের মধ্যে রাস্তার ওপর গাছ ফেলে ৫-৬ জন রামদা, হাসুয়া, লাঠি নিয়ে আমাদের ব্যারিকেড দেয়। ছিনতাইকারীরা গাড়ির ভিতর ঢুকে নগদ টাকা, গলার চেইন, হাতের বালা, আংটি ও মোবাইল ছিনিয়ে নেয়।
সমীকরণ প্রতিবেদন