আলমডাঙ্গার জামজামিতে জামায়াতের গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব জামজামি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শ্রীনগর নারাণপুরে জামায়াতের কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে এই গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামজামি ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের শুরা সদস্য ফজলুল হক।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক দল হিসেবে সাধারণ মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছানোর কাজ করছে। মুসলমান হিসেবে আমাদের ঈমানের দায়িত্ব হল সকল মানুষের কাছে ইসলামের আদর্শ পৌঁছিয়ে দেয়া। নামাজ, রোজা, হজ-যাকাতের পাশাপাশি আমাদের দ্বিনি দায়িত্ব অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। যে কাজ যুগে যুগে নবী-রাসূলরা করে গেছেন। আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে আমাদের অসংখ্য ভাই শাহাদাতের নাজরানা পেশ করে গেছেন। তাই আমাদের সমস্ত ভয়-ভীতি উপেক্ষা করে আমাদের শহিদ ভাইদের রেখে যাওয়া অসমাপ্ত কাজে আঞ্জাম দিয়ে যেতে হবে। সভায় আরও বক্তব্য দেন জামজামি ইউনিয়নের সাবেক আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রাশু আহাম্মেদ ও ইউনিয়ন প্রচার সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন