৬ দফা দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন। সড়ক অবরোধের ফলে ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল ব্যাহত হয়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবি জানান। পাশাপাশি তারা ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিশ্বমানের চার বছর মেয়াদী কারিকুলাম চালুর দাবি জানান। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সমীকরণ প্রতিবেদন