মেহেরপুরে সরকারি ও বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের শুরুতে সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহর উপস্থাপনায় কুরআন তিলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল হামিদ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বলেন, ‘আমরা সবাই আল্লাহর মেহমান, আল্লাহর জন্যই হজে যাচ্ছি, আল্লাহর ওপর আমাদের সকলকে ভরসা রাখতে হবে, আল্লাহু আপনাদের সকলের আশা পূর্ণ করুক। সুস্থ শরীরে হজ পালন করে ফিরে আসুন। সবশেষে বিশ্বের সকল মুসলিম ও মেহেরপুর জেলা বাসী ও নিজের পরিবারের জন্য দোয়া চান।’
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ। তিনি হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতাল বা স্বনামধন্য ডায়াগনিস্ট সেন্টারে সম্পন্ন করে রিপোর্টসহ টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে মেনিন জাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া, টিকা সম্বলিত স্বাস্থ্য সনদ গ্রহণ করতে সুস্থ থাকার পরামর্শ দেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল করিম, ইসলামিক ফাউন্ডেশন মাস্টার ট্রেইনার মাওলানা মো. আব্দুল হামিদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুরের ১৯০ জন সরকারি ও বেসরকারিভাবে হজের নিবন্ধন করেন। প্রশিক্ষণে ১৫২ জন হজ যাত্রী উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন