প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের ৩ জন অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছে। গত বুধবার দিবাগত রাতে র্যাব-১২ সিপিসি ৩ মেহেরপুরের গাংনী ক্যাম্পের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩০), আলি হোসেনের ছেলে জেনারুল ইসলাম (২৫) ও মৃত হেলাল উদ্দীনের ছেলে সামিম আজাদ ওরফে বাবুল (৩৮)।
র্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, ছাতিয়ান গ্রামের রতন আলী নামের এক ব্যক্তির বসতবাড়ির মাটির নিচে অস্ত্র পুঁতে রেখে র্যাবকে গোপনে খবর দেয় আটক তিনজন। রতনকে ফাঁসাতে অস্ত্র রাখা হয়েছে বলে নিশ্চিত হয় র্যাব। রাতে অভিযান চালিয়ে রতনের বসতবাড়িতে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগানসহ ওই তিনজনকে আটক করে র্যাব। এসময় তারা রতনকে ফাঁসাতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে। আটক তরিকুল, জেনারুল ও বাবলুর বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে মামলাসহ সোপর্দ করা হয়ে হয়েছে।
সমীকরণ প্রতিবেদন