ঝিনাইদহের মহেশপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্ঠী চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)) ইয়াসমিন মনিরা, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, মহেশপুর প্রেসক্লাব সভাপতি সরোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলায় আধুনিক কৃষি পদ্ধতি, উন্নতমানের বীজ, আধুনিক সেচব্যবস্থা ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে। কৃষকরা এসব প্রযুক্তি সম্পর্কে জানতে ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। কৃষকদের উচিত উন্নত যন্ত্রপাতি, নতুন জাতের বীজ ও আধুনিক সেচব্যবস্থা গ্রহণ করা।’
কৃষিবিদ ষষ্ঠী চন্দ্র রায় বলেন, ‘এই কৃষি প্রযুক্তি মেলা কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ালে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। আমাদের লক্ষ্য-উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষকদের লাভজনক অবস্থানে নিয়ে যাওয়া।’ মেলায় কৃষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও কৃষি পণ্যের প্রদর্শনী চলবে তিন দিন। কৃষকরা এ মেলা থেকে আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সমীকরণ প্রতিবেদন